অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে রিপোর্ট তলবের আবেদন খারিজ হাইকোর্টের!

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে রিপোর্ট তলবের আবেদন খারিজ হাইকোর্টের!

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে আইনি জটিলতা অব্যাহত, রিপোর্ট তলবের আবেদন খারিজ আদালতের কলকাতা: ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ভবনে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে আইনি ও রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। দফতরটি বন্ধ থাকার ফলে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে আদালতে রিপোর্ট তলবের আবেদন জানানো হলেও, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। মামলাকারীর পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, গত ৩ সেপ্টেম্বর থেকে অফিস বন্ধ রয়েছে। অথচ ভিতরের আলো ও পাখা চালু থাকায় একদিকে যেমন অহেতুক বিদ্যুতের অপচয় হচ্ছে, তেমনই দীর্ঘ সময় অফিস বন্ধ থাকায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া ফরেনসিক পরীক্ষার নাম করে ভবনটি আটকে রাখা হলেও, তা এখনও সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আদালতের কাছে বিস্তারিত রিপোর্ট তলবের আর্জি জানানো হয়েছিল। যদিও বিচারপতি রিশাদ মেদোরা সেই আবেদন গ্রহণ করেননি। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের ওই ভবনের সপ্তম ও অষ্টম তলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি রয়েছে। গত ২৭ আগস্ট ভবন থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার আধিকারিক ও অভিষেক-অনুগামীদের মধ্যে বচসা ও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীতে দমকল বিভাগের তরফে নোটিস দিয়ে জানানো হয়, ওই দুই তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা পর্যাপ্ত নয়। ফলে জায়গাটি খালি করার নির্দেশ দেওয়া হয় এবং মালিকপক্ষ থেকেও অফিস খালি করার নোটিস পাঠানো হয়। যদিও গত ১১ সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ দমকলের সেই নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। অন্যদিকে, সম্পত্তির মালিক রামাদেবী গোয়েঙ্কার আইনজীবীর অভিযোগ, ২০২০ সালের ১ মার্চ যুব তৃণমূলের সঙ্গে ১০ বছরের লিজ চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, কমপ্লিশন সার্টিফিকেট (CC) পাওয়ার পরেই জায়গা হস্তান্তর করার কথা ছিল, কিন্তু সেই সার্টিফিকেট পাওয়ার আগেই জোরপূর্বক দখল নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কালীঘাট শিবির। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ক্যামাক স্ট্রিটের এই দফতর থেকে তাদের সরানোর চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *