বল-বিকৃতি কাণ্ড নিয়ে বিভক্ত অস্ট্রেলিয়া, খোয়াজার দাবির পাল্টা জবাব স্টার্কের

বল-বিকৃতি কাণ্ড নিয়ে বিভক্ত অস্ট্রেলিয়া, খোয়াজার দাবির পাল্টা জবাব স্টার্কের

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল-বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। উসমান খোয়াজা তাঁর আত্মজীবনীতে দাবি করেছেন, সেই সময় দলের সকলেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। খোয়াজার এই দাবিকে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর মতে, খোয়াজা যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওয়ার্নারের দাবি, তদন্তকারীরা তাড়াহুড়ো করে দায়সারাভাবে কাজ করেছিলেন, যা স্বচ্ছ ছিল না।

তবে খোয়াজার এই মন্তব্যের সঙ্গে একমত নন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার সক্রিয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার এই বিষয়ে মুখ খুলে স্টার্ক স্পষ্ট জানিয়েছেন, বল-বিকৃতির পরিকল্পনার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। সিডনির একটি অনুষ্ঠানে স্টার্ক বলেন, সেই সময় তিনি যা বলেছিলেন, এখনও সেই অবস্থানেই অনড় রয়েছেন। মাঠে শিরিষকাগজ নিয়ে যাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না এবং তিনি জায়ান্ট স্ক্রিনে পুরো ঘটনাটি দেখেছিলেন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে নিউল্যান্ডস টেস্টে ক্যামেরন ব্যানক্রফ্ট বল বিকৃতির চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়েন। সেই ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফ্টকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। খোয়াজা জানিয়েছেন, তদন্তকারীরা তাঁর বয়ান না নেওয়ায় এতদিন সত্য সামনে আসেনি। তবে এত বছর পর এই প্রসঙ্গ তোলায় খোয়াজার সমালোচনাও হচ্ছে। যদিও ওয়ার্নার মনে করেন, পুরনো ক্ষত খুঁড়ে বের করা নয়, বরং ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাই এখন জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *