লিথিয়াম ও নিকেল উৎপাদনে স্বনির্ভর হতে ২,৮১৪ কোটির মেগা প্রকল্প কেন্দ্রের

ব্যাটারি তৈরির কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত সরকার। দেশে লিথিয়াম ও নিকেল পরিশোধনের জন্য চারটি বিশাল কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ২,৮১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত ৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়। সরকারের লক্ষ্য, ব্যাটারি তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ভারতেই উৎপাদন করা।
কেন্দ্রীয় রোডম্যাপ অনুযায়ী, দেশে দুটি লিথিয়াম এবং দুটি নিকেল পরিশোধন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিটি লিথিয়াম পরিশোধনাগারের বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে অন্তত ৩০ হাজার টন এবং নিকেল কারখানার ক্ষেত্রে এই ক্ষমতা ধরা হয়েছে ৫০ হাজার টন। এই প্রকল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে মোট খরচের ৩০ শতাংশ পর্যন্ত সরাসরি ভর্তুকি দেবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই উদ্যোগের মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার দেশি ও বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে স্মার্টফোন থেকে ইলেকট্রিক ভেহিক্যাল, সবকিছুর মূল উপাদান লিথিয়াম আয়ন ব্যাটারি। বিশ্বজুড়ে লিথিয়াম পরিশোধনের প্রায় ৬৫ শতাংশ ক্ষমতা চিনের দখলে। ভারত বিপুল পরিমাণ লিথিয়াম কম্পাউন্ড আমদানি করে, যার বড় অংশ আসে চিন থেকে। এই নির্ভরতা কমাতে এবং বৈদ্যুতিক গাড়ি শিল্পের ঝুঁকি এড়াতে ভারত স্বনির্ভর হওয়ার পথে হাঁটছে। তবে আন্তর্জাতিক মান বজায় রাখা, পর্যাপ্ত খনিজ পদার্থের জোগান এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।