মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে? নিউরোলজিস্টের পরামর্শে জেনে নিন করণীয়

অনেকেই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াকে অশুভ সংকেত বা স্লিপ ডিজঅর্ডার বলে মনে করেন। তবে মুম্বইয়ের এক বিশিষ্ট নিউরোলজিস্টের মতে, এটি কোনো রহস্যময় বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, রাতে দেরিতে ভারী খাবার গ্রহণ, মোবাইল ফোনের নীল আলো এবং স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যার কারণে মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে।
ঘুম ভাঙার পর কিছু ভুল অভ্যাস ঘুমের সমস্যা আরও বাড়িয়ে দেয়। চিকিৎসকের মতে, ঘুম ভাঙলে ভুলেও ঘড়ির দিকে তাকাবেন না, কারণ এতে দুশ্চিন্তা বাড়ে। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ মোবাইলের নীল আলো মেলাটোনিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। অকারণে বিছানা ছেড়ে উঠে টিভি দেখা বা অন্য কাজ করাও এড়িয়ে চলা উচিত, কারণ এতে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে।
ঘুম না এলে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘর অন্ধকার ও ঠান্ডা রাখলে দ্রুত ঘুম আসার সম্ভাবনা থাকে। যদি ২০ মিনিটের মধ্যে ঘুম না আসে, তবে মোবাইল না দেখে হালকা কোনো বই পড়া যেতে পারে। এছাড়া সুস্থ ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করা এবং সন্ধ্যার পর চা, কফি বা মদ্যপান এড়িয়ে চলাই সবচেয়ে কার্যকর উপায়।