বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত সোনা জয় ভারতের, ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্সের টিকিট হাতছাড়া মনুর

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে সোনা জিতলেও ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্সের টিকিট হাতছাড়া করলেন মনু ভাকের। এই ইভেন্টে ব্যক্তিগত পদক জয়ীদের জন্য ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ ছিল, যা হাতছাড়া হওয়ায় হতাশ ভারতীয় শুটার। ফাইনালে মনু ভাকেরের পাশাপাশি নজর ছিল এষা সিংয়ের ওপর, তবে ব্যক্তিগত ইভেন্টে তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফাইনালে এষা অষ্টম স্থানে শেষ করেন।
২৫ মিটার পিস্তলের এই ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইয়াং জিন সোনা জয়ের পাশাপাশি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। রুপো ও ব্রোঞ্জ পদক গিয়েছে যথাক্রমে ভিয়েতনাম ও চিনের প্রতিযোগীর ঝুলিতে। ফাইনালে শুরুর দিকে দুই ভারতীয় শুটারের গতি মন্থর থাকলেও, মনু ভাকের পরবর্তীতে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও মনু পঞ্চম স্থানে শেষ করে পদক থেকে বঞ্চিত হয়েছিলেন।
ব্যক্তিগত ইভেন্টে আক্ষেপ থাকলেও দলগত বিভাগে ভারত দুর্দান্ত সাফল্য পেয়েছে। এষা সিং, মনু ভাকের এবং দিব্যা সুবারাজুর সম্মিলিত পারফরম্যান্সে ১৭৬১ পয়েন্ট সংগ্রহ করে ভারত পোডিয়ামের শীর্ষস্থান দখল করে। দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামকে পিছনে ফেলে ভারত এই সোনা জয় করে। এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের নবম পদক। এর আগে পুরুষদের ৫০ মিটার পিস্তল টিম ইভেন্টেও ভারত সোনা জিতেছিল।