জঙ্গলমহলে ধুমধাম করে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী বাঁদনা পরব

কার্তিক অমাবস্যার রাতে কালীপুজোর আবহে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কুড়মি, ভূমিজ, লোধা ও মাহাতো সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন বাঁদনা পরবে। আমন ধান ঘরে তোলার মরসুমে কৃষকের প্রধান সঙ্গী গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উৎসব পালিত হয়। কালীপুজোর রাত থেকে ভাইফোঁটা পর্যন্ত চলা এই পরবের অন্যতম আকর্ষণ হলো গবাদি পশুর বিশেষ পুজো ও সাজসজ্জা।
উৎসবের দিন ভোরে গবাদি পশুদের নদী বা পুকুরে স্নান করিয়ে শিংয়ে সর্ষের তেল মাখানো হয়। এরপর তাদের কপালে সিঁদুর ও আলতার ছাপ, গলায় মালা এবং পায়ে নুপুর পরিয়ে সাজিয়ে তোলা হয়। বাড়ির উঠোন থেকে গোয়ালঘর পর্যন্ত চালের গুঁড়ো বা পিটুলি দিয়ে আঁকা হয় আলপনা। এরপর গবাদি পশুর মঙ্গলকামনায় অনুষ্ঠিত হয় গরয়া পুজো।
বাড়ির মহিলারা কাঁসার থালায় প্রদীপ, ধান ও দুর্বা নিয়ে গবাদি পশুদের বরণ করেন, যা লোকভাষায় ‘গরু চুমানো’ নামে পরিচিত। এই সময় জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ‘অহীরা’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। গানের ছন্দে ফুটে ওঠে বিয়ের আমেজ। ভাইফোঁটার দিন ‘গরু খুঁটা’ উৎসবের মাধ্যমে শেষ হয় এই প্রাচীন লোকউৎসব। আধুনিকতার যুগেও প্রকৃতির কোলে থাকা মানুষের এই জীবিকার প্রধান সহায়দের প্রতি ভালোবাসা জঙ্গলমহলের সংস্কৃতিকে আজও অনন্য করে রেখেছে।