ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে আসছে বড় পরিবর্তন

ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কমান্ডোদের শারীরিক সুরক্ষা ও কর্মদক্ষতা বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ভারী পোশাক পরে ডিউটি করার ফলে কমান্ডোদের যে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়, তা দূর করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
গত এপ্রিলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক এনএসজি কমান্ডো বিজয়ওয়াড়ায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে যান। সেই সময় তীব্র দাবদাহে তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। প্রচণ্ড গরমে কালো ওভারঅল ইউনিফর্মের ওপর প্রায় ৬ কেজি ওজনের ভারী বুলেটপ্রুফ জ্যাকেট, বেরেট টুপি ও অস্ত্রশস্ত্র নিয়ে দীর্ঘক্ষণ ডিউটি করার ফলে ওই কমান্ডো হিটস্ট্রোকের শিকার হন।
এই ঘটনার পরই কমান্ডোদের পোশাক পরিবর্তনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। জানা গেছে, খুব শীঘ্রই এনএসজি কমান্ডোদের জন্য আরও হালকা ও আরামদায়ক বিশেষ কাপড়ের ইউনিফর্ম চালু করা হবে। নতুন এই পোশাক কমান্ডোদের দীর্ঘক্ষণ ডিউটি করার ক্ষেত্রে স্বস্তি দেবে এবং চরম আবহাওয়াতেও তাদের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।