যাদবপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী

যাদবপুর এলাকায় তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের এক প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম তারক। অভিযোগ, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় ছোট ব্যবসায়ী, ইমারতি সামগ্রীর বিক্রেতা এবং অটোস্ট্যান্ড থেকে জোরপূর্বক টাকা আদায় করছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি অতীতে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেই সময় পাটুলি ও পঞ্চসায়র এলাকায় তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ জমা পড়েছিল। তোলা না দিলে ব্যবসায়ীদের মারধর করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এই সমস্ত ঘটনার জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে চাকরি হারানোর পরেও তাঁর তোলাবাজির অভ্যাস বদলায়নি বলে অভিযোগ।
সম্প্রতি এক ব্যবসায়ী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন যে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছে আট হাজার টাকা দাবি করেছেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানা।