ভারতে ইভি উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে জোর স্কোডা অটো ইন্ডিয়ার

ভারতের অটোমোবাইল শিল্পে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে স্কোডা অটো ইন্ডিয়া। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পীযূষ অরোরা এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে ভারতের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অটোমোবাইল ভ্যালু চেনে ভারতের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের গাড়ি শিল্পের জন্য নতুন সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে।
আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আন্তর্জাতিক বাজারে ভারত থেকে গাড়ি রফতানির পরিসর বাড়ানো। পাশাপাশি, দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশের ব্যবহার বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে। এর ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব বাজারে ভারতকে গাড়ি উৎপাদন ও রফতানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি লক্ষ্যমাত্রাকে ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উৎপাদন পরিকাঠামো মজবুত করার পাশাপাশি দেশজুড়ে নিজেদের পরিষেবার পরিধিও দ্রুত বিস্তার করছে সংস্থাটি। বর্তমানে ভারতের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে স্কোডার ৩৫০টি টাচপয়েন্ট রয়েছে। সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে এসএভিআইপিএল গ্রুপের প্রথম ব্র্যান্ড হিসেবে সেখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে স্কোডা। বর্তমানে দেশজুড়ে সংস্থার ২৭০টি বিক্রয়কেন্দ্র, ২০৩টি আফটার সেলস সার্ভিস সেন্টার এবং ৭৯ জন ডিলার পার্টনার সক্রিয় রয়েছে। গ্রাহকদের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই অটোমোবাইল সংস্থা।