সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে জীবন্ত পুঁতে রাখা ১১ মাসের শিশুকে উদ্ধার

সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে জীবন্ত পুঁতে রাখা ১১ মাসের শিশুকে উদ্ধার

সাউথ ক্যারোলাইনায় পারিবারিক বিবাদের জেরে ১১ মাসের এক শিশুকে মাটির নিচে জীবন্ত পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মাইকেল কোমার সোমবার শিশুটির মায়ের অনুপস্থিতিতে তাকে দাদু-দিদার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। শিশুটির মা নিখোঁজ হওয়ার অভিযোগ জানালে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় ১০০ জন পুলিশ অফিসার এই অভিযানে অংশ নেন।

মঙ্গলবার বিকেলে তদন্তকারীরা মাইকেলের বাবার বাড়ির পেছনের জঙ্গলে সদ্য খোঁড়া মাটির সন্ধান পান। সেখান থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে মাটি খুঁড়তে শুরু করেন উদ্ধারকারীরা। প্রায় এক ফুট গভীর থেকে একটি লোহার খাঁচায় তোয়ালেতে জড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। টানা ২৪ ঘণ্টা মাটির নিচে আটকে থাকার পরেও শিশুটি জীবিত থাকায় চিকিৎসকরা একে অলৌকিক বলে অভিহিত করেছেন।

চিকিৎসকদের মতে, শিশুটির গায়ে জড়ানো তোয়ালেটি বায়ু ফিল্টারের কাজ করায় সে শ্বাস নিতে পেরেছিল। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বেটসবার্গ এলাকা থেকে অভিযুক্ত মাইকেল কোমারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অপহরণ, শিশু নির্যাতন এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *