প্রবাসী ভারতীয়দের কলকাতায় স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কলকাতায় আয়োজিত হতে চলেছে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। এই মেগা কনভেনশনের আনুষ্ঠানিক ওয়েবসাইট বুধবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানান। তিনি জানান, বিকশিত ভারতের লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকার এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত।
সম্মেলন সফল করতে রাজ্য প্রশাসনের স্বরাষ্ট্র দফতরকে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মোট ১৪টি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের জন্য থাকা-খাওয়া, যাতায়াত এবং বিশেষ ট্যুরিজম প্যাকেজের যাবতীয় তথ্য নতুন পোর্টালে যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়রা যেন কেবল সম্মেলনে অংশ না নিয়ে বাংলার শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রবাসীদের কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির দর্শনের আহ্বান জানান।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কলকাতার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবাসী ভারতীয়রা ভারত ও বিশ্বের মধ্যে এক জীবন্ত সেতু। একসময় এই বন্দর থেকেই বহু মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছিলেন, তাই শিকড়ের টানে তাদের ঘরে ফেরার জন্য কলকাতা উপযুক্ত স্থান। ওয়েবসাইট লঞ্চের পাশাপাশি এদিন ‘ভারত কো জানিয়ে’ নামক একটি ডিজিটাল কুইজেরও সূচনা করা হয়। আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন এবং ৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন।