দিল্লির এইমস হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর

ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ৭৫ বছর বয়সী ধনখর বর্তমানে চিকিৎসক সন্দীপ শেঠের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগেও একাধিকবার শারীরিক অসুস্থতার কারণে শিরোনামে এসেছেন জগদীপ ধনখর। গত বছরের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি, যেখানে তাঁর এনজিওপ্লাস্টি করা হয়। এছাড়া জুন মাসে নৈনিতালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসেও নিজের বাসভবনে দুবার জ্ঞান হারানোর ঘটনা ঘটেছিল তাঁর।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনখর। গত বছরের ২১ জুলাই তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সকলে।