রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের এনকাউন্টারে

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। গত ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার পর ৫ নভেম্বর কুলিক নদীর পাড়ের জঙ্গল থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে তাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের প্রমাণ মেলে। এই ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সোমবার ভোরে বিহারে পালানোর সময় পারারপুকুর এলাকায় পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয়। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে অভিযুক্ত গুরুতর জখম হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্তের মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই ঘটনার মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সরকারি নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে জানিয়েছেন, আইন মেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশের এনকাউন্টার মডেল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।