দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি, পকেটে টান সাধারণ মানুষের

দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি, পকেটে টান সাধারণ মানুষের

সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড় ধাক্কা দিয়ে দুধের দাম বাড়াল আমুল এবং মাদার ডেয়ারি। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) জানিয়েছে, দুধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এক বছরে পশুখাদ্য, ঘাস, ভুট্টা এবং প্যাকেজিং সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া জ্বালানির খরচ এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে দুধ উৎপাদকদের সমস্যার বিষয়টিও দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

নতুন দাম অনুযায়ী, আমুল তাজা (টোনড মিল্ক) লিটার প্রতি ৫৯ টাকা থেকে বেড়ে ৬১ টাকা হয়েছে। অন্যদিকে, আমুল গোল্ডের দাম লিটার প্রতি ৭২ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৬ টাকা। সংস্থার দাবি, সমবায় ব্যবস্থার মাধ্যমে আয়ের প্রায় ৮০ শতাংশই দুধ উৎপাদকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই মূল্যবৃদ্ধির ফলে কৃষকরা দুধ উৎপাদনে আরও উৎসাহিত হবেন এবং তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে আমুল কর্তৃপক্ষ।

আমুলের পাশাপাশি মাদার ডেয়ারিও দিল্লি-এনসিআর এলাকায় দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন তালিকা অনুযায়ী, মাদার ডেয়ারির ফুল ক্রিম মিল্ক এখন ৭৬ টাকা এবং কাউ মিল্ক ৬৫ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। এছাড়া টোনড মিল্কের দামও ২ টাকা করে বাড়ানো হয়েছে। ১২ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। দুই সংস্থার এই সিদ্ধান্তের ফলে সাধারণ ক্রেতাদের এখন থেকে প্রতিদিনের দুধ কেনার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *