জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে নিখোঁজ দুই এসপিও-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরের কিশতোয়ার জেলায় নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃত পুলিশকর্মীদের নাম ববি চন্দ (৫৭) এবং রশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপে কর্মরত ছিলেন। বুধবার থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, তাঁদের সঙ্গে থাকা সরকারি অস্ত্রেরও কোনো সন্ধান মেলেনি। বুধবার কিশতোয়ার জেলার মারওয়াহ ও দাচ্ছান এলাকার মধ্যবর্তী সীমান্তবর্তী অঞ্চল থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে তাঁদের খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
একই দিনে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মীরবাজারের কাছে আখরান এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে সিআরপিএফের তিন জওয়ান আহত হয়েছেন। গত জুলাই মাসের পর থেকে উপত্যকায় এটি তৃতীয় জঙ্গি হামলার ঘটনা। কিশতোয়ারে দুই এসপিও-র মৃত্যু এবং কুলগামে জওয়ানদের ওপর হামলার ঘটনায় জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।