দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে বাধ্যতামূলক নতুন লোগো, নিয়ম কার্যকর ২০২৮ থেকে

দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে বাধ্যতামূলক নতুন লোগো, নিয়ম কার্যকর ২০২৮ থেকে

খাঁটি দুধ ও দুগ্ধজাত সামগ্রী শনাক্তকরণে গ্রাহকদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণকারী সংস্থা এফএসএসএআই (FSSAI)। আগামী ২০২৮ সালের ১ জুলাই থেকে দেশের সমস্ত প্যাকেটজাত দুধ এবং দুধ দিয়ে তৈরি মিশ্র খাদ্যপণ্যের মোড়কে একটি নির্দিষ্ট নকশার লোগো থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত পণ্যের অন্যতম প্রধান উপাদান হিসেবে দুধ ব্যবহৃত হয়, সেই সব পণ্যের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।

নতুন এই লোগোর নকশা চূড়ান্ত করেছে এফএসএসএআই। লোগোটি একটি নীল রঙের বর্গাকার বাক্সের মধ্যে সাদা রঙের দুধের ফোঁটার চিহ্ন দিয়ে তৈরি। প্যাকেটের আয়তন অনুযায়ী লোগোর ন্যূনতম আকারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৬ থেকে ১০০ বর্গ সেন্টিমিটার প্যাকেটের জন্য ৬ মিমি, ১০০ থেকে ৫০০ বর্গ সেন্টিমিটারের জন্য ৮ মিমি, ৫০০ থেকে ২৫০০ বর্গ সেন্টিমিটারের জন্য ১২ মিমি এবং ২৫০০ বর্গ সেন্টিমিটারের বেশি আয়তনের প্যাকেটের জন্য ১৬ মিমি মাপের লোগো ব্যবহার করতে হবে। সংস্থাগুলি চাইলে এর চেয়ে বড় লোগো ব্যবহার করতে পারবে, তবে নির্ধারিত ন্যূনতম মাপের চেয়ে ছোট লোগো ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, এই সংক্রান্ত খসড়া প্রস্তাবটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জনসমক্ষে আনা হয়েছিল। এরপর সাধারণ মানুষের মতামত ও পরামর্শ গ্রহণ করে গত ৬ নভেম্বর ২০২৬ এফএসএসএআই চূড়ান্ত নির্দেশিকা জারি করে। ৯ নভেম্বর ২০২৬ তা সরকারি গেজেটে প্রকাশিত হয়। এই নতুন নিয়ম কার্যকর হলে বাজারে থাকা দুগ্ধজাত পণ্যের গুণমান ও স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *