৩৫ বছরের ঐতিহ্য ভেঙে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভাইফোঁটা নিলেন ফিরহাদ-মদনরা

৩৫ বছরের ঐতিহ্য ভেঙে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভাইফোঁটা নিলেন ফিরহাদ-মদনরা

দীর্ঘ ৩৫ বছর ধরে ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও মদন মিত্রের মতো তৃণমূলের প্রভাবশালী নেতারা। তবে এবার কালীঘাটের বাড়িতে কোনো আয়োজন না থাকায় সেই দীর্ঘদিনের ধারায় ছেদ পড়ল। পরিবর্তে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন এই নেতারা।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, শান্তনু সেন ও মদন মিত্র। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকেই তিলক পরেন তাঁরা। টানা ৩৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ভাইফোঁটা নেওয়ার পর এবার সেই সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তিনি জানান, কালীঘাটে কোনো আয়োজন না থাকায় তাঁকে ডাকা হয়নি, যা তাঁর কাছে কিছুটা মন খারাপের কারণ।

ভাইফোঁটার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের সুপ্রিমোকে কটাক্ষ করতে ছাড়েননি কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ভাইফোঁটা বন্ধের ঘোষণাটি সঠিক, কারণ ভাইয়েরা এখন বড় হয়ে দাদা হয়ে গিয়েছেন। তবে তিনি অন্য ছোট ভাইদের নিয়ে ‘গণফোঁটা’র আয়োজন করতে পারতেন বলেও মন্তব্য করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভাইফোঁটার এই পরিবর্তন শাসক দলের অন্দরের রাজনৈতিক সমীকরণ ও দূরত্বের ইঙ্গিত বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *