কোয়ালকমের মেগা ছাঁটাই: ভারতে ১০০০-এর বেশি কর্মীর চাকরি যাওয়ার আশঙ্কা

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। বিশ্বব্যাপী মোট ৫২,০০০ কর্মীর মধ্যে ৩,৬০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে ভারতে। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর মিলিয়ে ভারতে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী কর্মরত রয়েছেন। এর মধ্যে ১,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সংস্থার অভ্যন্তরীণ পারফরম্যান্স রিভিউয়ের ভিত্তিতে এই ছাঁটাই প্রক্রিয়া চালানো হচ্ছে। ছাঁটাইয়ের তালিকায় কেবল নতুন কর্মীরাই নন, বরং অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও রয়েছেন। ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন এবং ছাঁটাই সংক্রান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে।
টানা কয়েকটি কোয়ার্টারে আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোয়ালকম। স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমে যাওয়ায় সংস্থাটি এখন ডেটা সেন্টার ও অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে চাইছে। এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে চিপ জায়ান্ট এই সংস্থা। তবে ছাঁটাইয়ের বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।