ব্রডব্যান্ড পরিষেবায় বাজিমাত এয়ারটেলের, গ্রাহক সংখ্যায় এগিয়ে জিও

ওপেনসিগন্যালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষস্থান দখল করেছে এয়ারটেল। এর মধ্যে রয়েছে ব্রডব্যান্ড রিলায়েবিলিটি এক্সপেরিয়েন্স, কনসিসটেন্ট কোয়ালিটি, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড এবং ভিডিও এক্সপেরিয়েন্স। নির্ভরযোগ্যতার পরীক্ষায় এয়ারটেল ৪৮৬ পয়েন্ট অর্জন করেছে, যেখানে রিলায়েন্স জিও পেয়েছে ৪২৩ পয়েন্ট। ডাউনলোড ও আপলোড স্পিডের ক্ষেত্রেও জিও-র তুলনায় এয়ারটেল ২৬ থেকে ২৭ শতাংশ এগিয়ে রয়েছে। তবে স্পিডের লড়াইয়ে বিএসএনএল চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে এয়ারটেলকে কড়া টক্কর দিয়েছে।
ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা এফডব্লিউএ পরিষেবার ক্ষেত্রেও এয়ারটেল এগিয়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ৩২.৪ এমবিপিএস, সেখানে জিও-র গড় ডাউনলোড স্পিড ২৫.৭ এমবিপিএস। ভিডিও স্ট্রিমিং বা ইন্টারনেট ব্যবহারের ধারাবাহিক মানের পরীক্ষায় এয়ারটেলের স্কোর ৬৬.২ শতাংশ, যা জিও-র ৫৫ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। এফডব্লিউএ পরিষেবার আপলোড স্পিড এবং নির্ভরযোগ্যতার পরীক্ষাতেও এয়ারটেল জিও-কে পেছনে ফেলে দিয়েছে।
পারফরম্যান্সের বিচারে এয়ারটেল সব বিভাগে এগিয়ে থাকলেও, গ্রাহক সংখ্যার নিরিখে দেশের ব্রডব্যান্ড বাজারে এখনও শীর্ষে রয়েছে রিলায়েন্স জিও। ট্রাই-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জিও-র গ্রাহক সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ। অন্যদিকে, ১ কোটি ১৪ লক্ষ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল এবং ৪৬ লক্ষ গ্রাহক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিএসএনএল। অর্থাৎ, পরিষেবার গুণমান ও গতির লড়াইয়ে এয়ারটেল এগিয়ে থাকলেও জনপ্রিয়তার বাজারে এখনও রাজত্ব বজায় রেখেছে জিও।