প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়

বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার, ১২ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার হিসেবে কাজ করেছেন জয়ন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্তকে পরিবার ও ঘনিষ্ঠ মহলে ‘বাবু’ নামেই ডাকতেন সকলে। হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর প্রযোজিত ছবির তালিকায় রয়েছে ১৯৭৫ সালের ‘মজ়াক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। এ ছাড়াও ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

জয়ন্ত ও মৌসুমীর দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বিয়ের কথা পাকা হয়েছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে চলে যান তিনি। সেখানেই ধীরে ধীরে হিন্দি চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করেন অভিনেত্রী। স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *