আজ শুক্রবার ১৩ তারিখ: কেন এই দিনটিকে ঘিরে রয়েছে এত আতঙ্ক?

আজ শুক্রবার, ঘটনাচক্রে আজই ১৩ তারিখ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এই দিনটিকে অনেকেই অশুভ বলে মনে করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শুক্রবার ১৩ তারিখ হলে সেদিন কোনও নতুন কাজ শুরু করা উচিত নয়। এমনকি ঘুরতে যাওয়া বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াও বিপদ ডেকে আনতে পারে বলে অনেকে মনে করেন। এই ভয়ের এতটাই প্রচলন রয়েছে যে, এর জন্য বিশেষ দুটি নামও রয়েছে—’প্যারাস্কেভিডেকাট্রিয়াফোবিয়া’ (Paraskevidekatriaphobia) এবং ‘ফ্রিগাট্রিসকাইডেকাফোবিয়া’ (Friggatriskaidekaphobia)।
১৩ সংখ্যাটিকে অশুভ মনে করার নেপথ্যে রয়েছে নর্স পুরাণের এক কাহিনি। কথিত আছে, দেবতাদের আবাসস্থল ভালহালায় এক ভোজসভায় ১৩তম অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লোকি। তাঁর ষড়যন্ত্রের ফলেই আলোর দেবতা বালডারের মৃত্যু হয়েছিল। অন্যদিকে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশুখ্রিস্টের শেষ নৈশভোজে ১৩তম অতিথি ছিলেন জুডাস ইস্কারিওত, যিনি পরে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এছাড়া ১২ সংখ্যাটিকে পূর্ণতার প্রতীক হিসেবে দেখা হয়, তাই ১৩ সংখ্যাটিকে সেই পূর্ণতার গণ্ডি অতিক্রমকারী হিসেবে বিবেচনা করে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
শুক্রবার ও ১৩ তারিখের এই অশুভ যোগসূত্র কীভাবে তৈরি হলো, তার সঠিক উৎস বলা কঠিন। তবে ১৯ শতকের ফ্রান্সের সাহিত্যে এই দিনটিকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অনেকে ১৩০৭ সালের ১৩ অক্টোবর, শুক্রবার ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের নির্দেশে নাইটস টেম্পলারদের গ্রেফতারের ঘটনাকেও এর সঙ্গে যুক্ত করেন, যদিও ইতিহাসবিদদের মতে এই যোগসূত্রের যথেষ্ট প্রমাণ নেই।
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে অশুভ দিনের ধারণা ভিন্ন। স্পেন ও গ্রিসে মঙ্গলবার ১৩ তারিখকে অশুভ মনে করা হয়। ইতালিতে আবার শুক্রবার ১৭ তারিখকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। জাপান ও চিনে ৪ সংখ্যাটিকে ঘিরেও ভয় রয়েছে, কারণ তাদের ভাষায় এই সংখ্যার উচ্চারণের সঙ্গে মৃত্যুর শব্দের মিল রয়েছে।
তবে এই কুসংস্কার ভাঙার চেষ্টাও হয়েছে। ১৮৮২ সালে নিউ ইয়র্কে উইলিয়াম ফাউলার ‘থার্টিন ক্লাব’ প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল ১৩ সংখ্যাকে ঘিরে ভয় দূর করা। পরবর্তীকালে বিভিন্ন উপন্যাস ও হরর সিনেমার মাধ্যমে এই দিনটি আরও পরিচিতি পায়। তবে শুক্রবার ১৩ তারিখে সত্যিই দুর্ভাগ্য নেমে আসে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।