১৪ বছরে প্রথমবার সাধারণ ধর্মঘটে উত্তাল স্পেন, পথে নামলেন ৪০ লক্ষ মানুষ

বুধবার স্পেনে অন্তত ৪০ লক্ষ মানুষ সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন। গত ১৪ বছরের মধ্যে এটিই ছিল স্পেনের প্রথম সাধারণ ধর্মঘট। এর আগে ২০১২ সালে ইউরোজোনের ঋণ সঙ্কটের সময় সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট করেছিলেন।
এবারের ধর্মঘটের মূল কারণ সাধ্যের মধ্যে বাড়ি না পাওয়া, তীব্র বাসস্থানের সঙ্কট এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। দেশের গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলির ডাকে এই ধর্মঘট পালিত হয়। আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন রয়েছে, যার আগে এই ধর্মঘট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিক্ষোভের জেরে মাদ্রিদ ও বার্সেলোনা-সহ একাধিক শহরের রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী মাদ্রিদে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন এবং বার্সেলোনায় পথে নামেন প্রায় ৫০ হাজার মানুষ। অনেক জায়গায় ক্ষুব্ধ জনতা ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয় এবং দোকানের জানলা ভাঙচুর করে।
বার্সেলোনার কেন্দ্রস্থলে অবস্থিত বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে জ্বলন্ত বাজি ছোড়ে এবং কিছু জায়গায় লুঠপাটের ঘটনাও ঘটে।