‘দ্য হোয়াইট লোটাস’-এ নেই দীপিকা পাড়ুকোন, হাতছাড়া হওয়ার কারণ প্রকাশ্যে

জনপ্রিয় এমি অ্যাওয়ার্ড-জয়ী সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে দীপিকা পাড়ুকোনের অভিনয় নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে থামল। ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই জনপ্রিয় সিরিজের অংশ হচ্ছেন না অভিনেত্রী। নির্মাতারা দীপিকাকে প্রস্তাব দিলেও, তা শেষপর্যন্ত কার্যকর হয়নি।
সূত্র মারফত জানা গেছে, সিরিজের কাস্টিং প্রক্রিয়ার শর্ত অনুযায়ী অডিশন দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে দীপিকা অডিশন দিতে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত এই সুযোগটি হাতছাড়া হয়। নির্মাতারা অভিনেত্রীকে নিতে অত্যন্ত আগ্রহী থাকলেও, পেশাদার এই প্রক্রিয়ার কারণেই চুক্তিটি সম্ভব হয়নি।
এর আগে সিজন ৩-এর জন্যও দীপিকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় গর্ভাবস্থায় থাকায় তিনি তা ফিরিয়ে দেন। হলিউডে ফিরে আসার অন্যতম বড় সুযোগ হিসেবে একে দেখা হচ্ছিল। তবে এবার অডিশন নিয়ে মতভেদে তা আর বাস্তবায়িত হলো না।