‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের মারকাটারি অ্যাকশন, বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। পরিচালক আদিত্য ধরের এই সিক্যুয়েল ছবিতে ‘হামজা আলি’ চরিত্রে রণবীরের বিধ্বংসী উপস্থিতি এবং দেশপ্রেমের কড়া বার্তা দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করেছে। ট্রেলারে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে হামজার তুখড় স্ট্র্যাটেজি এবং রগরগে অ্যাকশন দৃশ্যগুলো বিশেষ নজর কেড়েছে।
প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্বেও টানটান উত্তেজনা বজায় রেখেছেন নির্মাতারা। করাচির ভাগ্য নির্ধারণ এবং বালোচদের অবস্থান নিয়ে গড়ে ওঠা এই গল্পে রণবীরের পাশাপাশি আর মাধবন ও সঞ্জয় দত্তের শক্তিশালী অভিনয় সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে অজিত ডোভালের আদলে আর মাধবনের উপস্থিতি এবং অর্জুন রামপালের নেতিবাচক চরিত্রটি দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলারটি। ট্রেলারের হাড়হিম করা সংলাপ এবং গ্র্যান্ড মেকিং দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, প্রথম পর্বের মতো এই ছবিও খুব সহজেই বক্স অফিসে হাজার কোটির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়বে।