নেটফ্লিক্সের ট্রেন্ডিং তালিকায় বড় চমক, রণবীরের ধুরন্ধরকে টপকে এক নম্বরে বধ ২

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ভারতের টপ ১০ ট্রেন্ডিং তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। চলতি উইকেন্ডে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্রাইম থ্রিলার ছবি ‘বধ ২’। সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্তা অভিনীত এবং জসপাল সিং সান্ধু পরিচালিত এই ছবিটি গত ৬ ফেব্রুয়ারি বড় পর্দায় সেভাবে সাফল্য না পেলেও ওটিটিতে আসতেই বাজিমাত করেছে। ৩ এপ্রিল স্ট্রিমিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি রণবীর সিংয়ের বহুল আলোচিত ‘ধুরন্ধর’ এবং রানি মুখার্জির ‘মর্দানি ৩’-এর মতো ছবিকে পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নিয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তেলুগু অ্যাকশন থ্রিলার ‘মৃত্যুঞ্জয়’। শ্রী বিষ্ণু ও রেবা মনিকা জন অভিনীত এই ছবিটিও গত ৬ মার্চ প্রেক্ষাগৃহে সেভাবে সাড়া ফেলতে পারেনি, তবে ওটিটি মুক্তির একদিনের মধ্যেই ট্রেন্ডিং তালিকার দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসে চমক দিয়েছে। অন্যদিকে, রানি মুখার্জির হিট ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’ গত এক সপ্তাহ ধরে তালিকায় থাকলেও বর্তমানে এটি তিন নম্বরে অবস্থান করছে। ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতে আসা এই ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন মল্লিকা প্রসাদ।
রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ বর্তমানে বক্স অফিসে দাপট দেখালেও ওটিটি তালিকায় এর প্রথম পার্টটি জনপ্রিয়তার শীর্ষে ছিল। প্রায় দুই মাস আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ এখনও সেরা পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। একইসাথে শিবাজি ও লয়া অভিনীত তেলুগু কমেডি ছবি ‘ডিয়ার ফ্যামিলি’ প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ৩ এপ্রিল নেটফ্লিক্সে রিলিজের পর মাত্র ২৪ ঘণ্টায় প্রথম পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে।
ট্রেন্ডিং তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে হিন্দি অ্যাকশন কমেডি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’, ওয়ার ড্রামা ‘বর্ডার ২’, তামিল কমেডি ‘মেড ইন কোরিয়া’ এবং আমেরিকান সায়েন্স ফিকশন ‘হলো ম্যান ২’। তালিকার দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ান অ্যাকশন স্পাই ফিল্ম ‘হামইন্ট’। সব মিলিয়ে চলতি সপ্তাহে বড় বাজেটের এবং থিয়েটারে সফল ছবিগুলোকে টেক্কা দিয়ে ওটিটি দর্শকদের বিচারে এগিয়ে রয়েছে বিষয়ভিত্তিক ভিন্নধর্মী কনটেন্টগুলো।