বাজেট বৃদ্ধি ও শুটিং বিভ্রাটে বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’

সঞ্জয় লীলা বনসালির উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই পিরিয়ড ড্রামাটির কাজ নির্ধারিত সময়ের চেয়ে অনেক পিছিয়ে গেছে। ১২০ দিনে শুটিং শেষ করার কথা থাকলেও ইতিমধ্যে ১৭৫ দিন পার হয়েছে। নিখুঁত ফ্রেম ও যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তুলতে আরও অন্তত ৫০ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
বিলম্বের কারণে ছবির প্রাথমিক ৩৫০ কোটি টাকার বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ কোটিতে। তবে ছবির প্রধান তারকারা পারিশ্রমিকের বদলে লভ্যাংশের অংশীদারিত্ব বেছে নিয়েছেন। বনসালি নিজে এবং সারেগামা ইন্ডিয়া এই বিশাল বাজেটের সিংহভাগ বিনিয়োগ করেছেন। প্রতিটি ফ্রেমের জাঁকজমক বজায় রাখতেই এই অতিরিক্ত ব্যয় হচ্ছে।
শুটিং শেষ না হলেও ছবিটির ব্যবসায়িক সাফল্য নিয়ে আশাবাদী নির্মাতারা। ইতিমধ্যে নেটফ্লিক্স ১৩০ কোটি টাকায় স্ট্রিমিং স্বত্ব কিনেছে। মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব থেকেও প্রায় ৮০ কোটি টাকা আয় হয়েছে। ফলে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ২০০ কোটি টাকার বেশি সংগৃহীত হয়েছে, যা প্রযোজকদের কিছুটা স্বস্তি দিচ্ছে।