মাতৃবিয়োগের দিনে কুরুচিকর আক্রমণ, সোশ্যাল মিডিয়া ছাড়ার কঠিন সিদ্ধান্ত গায়িকা ইমন চক্রবর্তীর

মাতৃবিয়োগের দিনে কুরুচিকর আক্রমণ, সোশ্যাল মিডিয়া ছাড়ার কঠিন সিদ্ধান্ত গায়িকা ইমন চক্রবর্তীর

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়ে বড় সিদ্ধান্ত নিলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি মায়ের মৃত্যুবার্ষিকীতে পোস্ট করা একটি ছবিতে নেটিজেনদের একাংশের কুরুচিকর মন্তব্য ও কুৎসিত আক্রমণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে গায়িকা জানান, এই ধরনের বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে তিনি আপাতত সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করছেন।

মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক ‘পাঁচালি’ গাওয়া এবং ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রাপ্তি নিয়ে গত কয়েকদিন ধরেই তাঁকে লক্ষ্য করে বিদ্রূপ করা হচ্ছিল। কিন্তু মায়ের স্মৃতি জড়ানো দিনেও আক্রমণ থামেনি, যা তাঁকে গভীর মর্মাহত করেছে। ইমন স্পষ্ট জানান, এই কদর্য মানসিকতার প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। অপমানের জেরে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অনুরাগী ও দর্শকদের জানান।

এখন থেকে ইমনের অফিশিয়াল পেজটি পরিচালনা করবে তাঁর বিশেষ টিম। গায়িকার বিভিন্ন অনুষ্ঠান বা কাজের খবর সেখান থেকেই পোস্ট করা হবে, তবে তিনি নিজে আর কোনোভাবেই ব্যক্তিগত স্তরে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকবেন না। যদিও এই নক্কারজনক ঘটনার প্রেক্ষিতে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কি না, সে বিষয়ে গায়িকার পক্ষ থেকে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *