মাত্র ১০ বছর বয়সে পেটেন্ট ও ব্যবসা! সানি লিওনের মেয়ের আবিষ্কার দেখে তাজ্জব ফারহা খান

বলিউড অভিনেত্রী সানি লিওনের বড় মেয়ে নিশা কৌর ওয়েবার এখন খবরের শিরোনামে। মাত্র ১০ বছর বয়সেই সে এমন এক অসাধ্য সাধন করেছে যা দেখে রীতিমতো হতবাক বি-টাউন। নিশা একটি বিশেষ ধরনের টিস্যু বক্স তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে ‘বু বক্স’ (Boo Box)। অবাক করা বিষয় হলো, এই খুদে প্রতিভার এই আবিষ্কারের এখন পেটেন্ট নেওয়া হয়েছে এবং এটি একটি সফল ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে।
যেভাবে এলো এই অনন্য আইডিয়া
নিশার প্রায়ই অ্যালার্জির কারণে হাঁচি হতো এবং সে ব্যবহৃত টিস্যুগুলো যেখানে-সেখানে ফেলে রাখত। এই অভ্যাসের জন্য সানি প্রায়ই নিশাকে বকাঝকা করতেন এবং ডাস্টবিনে টিস্যু ফেলার নির্দেশ দিতেন। মায়ের বকুনি থেকে বাঁচতেই নিশার মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে একটি সাধারণ টিস্যু বক্সের পাশেই একটি ছোট কাপ বা বিন আটকে দেয়, যাতে ব্যবহৃত টিস্যুটি সাথে সাথেই সেখানে ফেলা যায়। মেয়ের এই সহজ কিন্তু কার্যকরী ভাবনা দেখে সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এটিকে বাণিজ্যিকভাবে লঞ্চ করার সিদ্ধান্ত নেন। বর্তমানে অ্যামাজনে এই ‘বু বক্স’ ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
ফারহা খানের মজার প্রতিক্রিয়া ও সানির রসিকতা
সানি লিওনের বাড়িতে গিয়ে নিশার এই কৃতিত্বের কথা জানতে পেরে পরিচালক ফারহা খান নিজের হাসি ও বিস্ময় চেপে রাখতে পারেননি। তিনি মজা করে বলেন, “এই ১০ বছরের বাচ্চার কাণ্ড দেখে তো মনে হচ্ছে বাড়ি গিয়ে নিজের বাচ্চাদের ধোলাই করি! আমার বাচ্চারা যদি এমন কিছু আবিষ্কার করত, তবে তো ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যেত।”
সানি হাসতে হাসতে আরও জানান যে, নিশার এই রোজগার দেখে তার দুই ছোট ভাইও এখন হিংসা করতে শুরু করেছে। ফারহা খান সানি ও ড্যানিয়েলের লালন-পালনের ভূয়সী প্রশংসা করেন। একজন তারকা সন্তান হওয়া সত্ত্বেও নিশা যেভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পথে পা বাড়িয়েছে, তা নেটিজেনদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।