রণবীর সিংয়ের পরবর্তী ধামাকা প্রলয় নিয়ে বড় ঘোষণা, এবার জম্বিদের কবলে বলিউড সুপারস্টার

বক্সঅফিসে ‘ধুরন্ধর ২’-এর অপ্রতিরোধ্য সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে আসছেন রণবীর সিং। তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট হতে চলেছে ‘প্রলয়’, যা একটি জম্বি-আক্রান্ত প্রলয়-পরবর্তী পৃথিবীর প্রেক্ষাপটে নির্মিত হবে। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক হানসাল মেহতা এই সিনেমাটি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। প্রায় ৩০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিটি রণবীরের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
‘প্রলয়’ পরিচালনা করবেন জয় মেহতা, যিনি এর আগে তাঁর বাবা হানসাল মেহতার সঙ্গে জনপ্রিয় সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’-এর সহ-পরিচালনা করেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হানসালের ‘ট্রু স্টোরি ফিল্মস’ এবং রণবীর সিংয়ের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘মা কসম ফিল্মস’। জম্বি মহামারীর ভয়াবহতা নিয়ে সিনেমার মূল চিত্রনাট্যটি লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর। যদিও এই ধরণের প্রেক্ষাপট নিয়ে হোসে সারামাগোর বিখ্যাত উপন্যাস ‘ব্লাইন্ডনেস’-এর কথা উঠে আসছিল, তবে হানসাল স্পষ্ট জানিয়েছেন এটি কোনো বইয়ের রূপান্তর নয়, বরং সম্পূর্ণ একটি মৌলিক কাহিনী।
সিনেমার কাস্টিং নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়েছে। রণবীর সিংয়ের পাশাপাশি দ্বিতীয় প্রধান চরিত্রে নাম ঘোষণা করা হয়েছে দক্ষিণী পরিচালক প্রিয়দর্শনের কন্যা কল্যাণী প্রিয়দর্শনের। ‘লোকাহ’ সিনেমার বড় সাফল্যের পর কল্যাণী এখন ইন্ডাস্ট্রির চর্চিত নাম। ছবির প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়ে গেলেও শুটিং ফ্লোরে গড়ানোর জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এই বিগ বাজেট অ্যাকশন-থ্রিলারটির কাজ পুরোদমে শুরু হবে। ‘ধুরন্ধর ২’-এর ম্যাজিক রণবীর ‘প্রলয়’-এ বজায় রাখতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।