শর্ত ভেঙে ফের শ্রীঘরে বিতর্কিত গায়ক নোবেল

শর্ত ভেঙে ফের শ্রীঘরে বিতর্কিত গায়ক নোবেল

এক মাসও কাটল না, আবারও আইনি জালে জড়ালেন বাংলাদেশের বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সেই নির্দেশ অমান্য করায় তাকে ফের গ্রেফতার করেছে প্রশাসন। গতবার আদালত থেকে বেরোনোর সময় তিনি বলেছিলেন, “মানুষ মাত্রই ভুল হয়, আবারও হতে পারে।” তার সেই মন্তব্যই যেন এখন চরম বাস্তবতায় রূপ নিল।

জানা গেছে, শবনম রোজা নামের এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৩ লক্ষ ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত দফায় দফায় এই অর্থ লেনদেন হয়। শুধু আর্থিক প্রতারণাই নয়, আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে গায়কের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রে নোবেলের মা ও স্ত্রীও জড়িত বলে দাবি অভিযোগকারিণীর।

গত ফেব্রুয়ারিতে এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন নোবেল। তখন আদালত শর্ত দিয়েছিল যে, তাকে ওই নারীকে বিয়ে করতে হবে এবং আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে হবে। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর নোবেল কোনও শর্তই পূরণ করেননি। উল্টে ওই নারীকে মারধর এবং ১৪ লক্ষ টাকা বকেয়া রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে আইন অমান্য করার দায়ে তার জামিন বাতিলের আবেদন জানানো হয়।

বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত নোবেলের নতুন জামিন আবেদন সরাসরি নাকচ করে দেয়। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, আগের শর্ত পূরণ না করায় তাকে আবারও জেল হেফাজতেই থাকতে হবে। আদালতের এই কড়া অবস্থানে গায়কের আইনি সংকট আরও ঘনীভূত হলো। একের পর এক বিতর্কে নোবেলের সঙ্গীতজীবন এখন খাদের কিনারায়।

এর আগেও নারীঘটিত কেলেঙ্কারি, মাদকাসক্তি এবং গুণীজনদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে একাধিকবার শিরোনামে এসেছেন নোবেল। কখনও স্টুডিওতে তরুণীকে হেনস্থা, আবার কখনও পর্যটকদের মারধরের অভিযোগে তাকে শ্রীঘরে যেতে হয়েছে। বারবার সুযোগ পেয়েও নিজেকে শুধরে নিতে ব্যর্থ হওয়ায় আবারও জেলের অন্ধকার প্রকোষ্ঠই হলো এই গায়কের ঠিকানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *