গ্যাংস্টার কন্যার ২ কোটি টাকার মামলা, আইনি জালে শাহিদ কাপুর!

বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’-র টিজার মুক্তি পেতেই চরম বিপাকে অভিনেতা শাহিদ কাপুর। নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনের ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে বলে দাবি তুলেছেন উস্তারা-কন্যা শানোবার শেখ। তার অভিযোগ, পরিবারের অনুমতি না নিয়েই উস্তারার জীবনকে অতিরঞ্জিত ও কলঙ্কিতভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এর ফলে মানহানির দাবি তুলে শানোবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন।
নির্মাতাদের পাশাপাশি শাহিদ কাপুরের বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন শানোবার। এছাড়া সিনেমার প্রচার ও মুক্তি স্থগিতের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, নির্মাতারা সাফ জানিয়েছেন যে ছবির গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা নেহাতই কাকতালীয়। সেন্সর বোর্ডকেও এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যা এখন বলিপাড়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।