গভীর নেশায় বুঁদ জুবিন গর্গ, মানেননি কোনো সুরক্ষা বিধি! সিঙ্গাপুর পুলিশের দাবিতে তোলপাড়

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিঙ্গাপুর পুলিশ। আদালতের শুনানি চলাকালীন জানানো হয়েছে, প্রমোদতরণী ভ্রমণের সময় জুবিন প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেন এবং উদ্ধারকারীদের কাজে বাধা দেন। পুলিশের মতে, শিল্পীর রক্তে অ্যালকোহলের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। এই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ মেলেনি বলে সাফ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, ভারতে এই মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। জুবিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্য়েই খুনের মামলা রুজু করেছে। সিঙ্গাপুর সফরের আয়োজক এবং গায়কের ঘনিষ্ঠ সঙ্গীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। গায়কের মৃত্যুকে কেন্দ্র করে একদিকে সিঙ্গাপুর পুলিশের রিপোর্ট এবং অন্যদিকে সিআইডির খুনের তদন্ত—সব মিলিয়ে এখন তীব্র উত্তেজনা ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।