শেফালী জারিওয়ালার ওপর কালোজাদু? প্রয়াত অভিনেত্রীর স্বামীর বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য

টেলিভিশন ও গ্ল্যামার দুনিয়ার জনপ্রিয় মুখ শেফালী জারিওয়ালার প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর অগণিত ভক্ত। কিন্তু শোকের আবহের মধ্যেই এক চাঞ্চল্যকর দাবি করে সকলকে স্তম্ভিত করে দিয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা পরাগ ত্যাগী। পরাগের দাবি, মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই শেফালির ওপর ‘কালোজাদু’ বা অভিচার করা হয়েছিল। কেউ অত্যন্ত পরিকল্পিতভাবে তাঁর স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছিলেন।
পরাগ ত্যাগী সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে জানান, “অনেকেই হয়তো আধুনিক যুগে এই সব অতিপ্রাকৃত বিষয় বিশ্বাস করবেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতে গভীরভাবে বিশ্বাস করি। আমার দর্শন খুব স্পষ্ট—যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানের অস্তিত্বও অস্বীকার করা যায় না।”
পরাগ আরও জানান, শেফালির মৃত্যুর কিছুদিন আগে থেকেই তিনি অলৌকিক কিছু অনুভব করছিলেন। তাঁর কথায়, “ওকে স্পর্শ করলেই আমি এক অদ্ভুত নেতিবাচক শক্তি অনুভব করতাম। আমি নিশ্চিত ছিলাম যে কোনো অশুভ শক্তি ওর ওপর প্রভাব বিস্তার করেছে। কেউ ওর ওপর কিছু একটা প্রয়োগ করেছিল, যা আমি ওর শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে স্পষ্ট বুঝতে পারছিলাম।”
অভিনেত্রীর আকস্মিক মৃত্যু এবং স্বামীর এই তান্ত্রিক বা কালোজাদুর অভিযোগ বিনোদন জগতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যৌক্তিকতার খাতিরে অনেকেই এই দাবি উড়িয়ে দিলেও, পরাগের দৃঢ় বিশ্বাস যে তাঁর স্ত্রীর মৃত্যুর পেছনে কোনো গোপন অশুভ শক্তির হাত রয়েছে।