বিয়ের ২৫ বছর পরেই মৃত্যুফাঁদ! জুহুর জনবহুল রাস্তায় যেভাবে রক্ষা পেলেন অক্ষয়-টুইঙ্কল

বিয়ের পঁচিশতম বার্ষিকী পালন করে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার কনভয়। জুহুর সিলভার বিচ ক্যাফে সংলগ্ন জনবহুল এলাকায় একটি নিয়ন্ত্রণহীন বিলাসবহুল গাড়ি অটোতে ধাক্কা দিলে পর্যায়ক্রমে অভিনেতার গাড়িটি উল্টে যায়। তবে স্বস্তির খবর এই যে, দুর্ঘটনার সময় ওই নির্দিষ্ট গাড়িটিতে তারকা দম্পতি ছিলেন না। অক্ষত থাকলেও চোখের সামনে এমন অঘটন দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, জনবহুল রাস্তায় ট্রাফিক নিয়ম ভেঙে দ্রুতগতিতে একটি মার্সিডিজ ঢুকে পড়ায় এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় আহত অটোচালক ও যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় বলিউড মহলে চাঞ্চল্য সৃষ্টি হলেও অক্ষয় ও টুইঙ্কল সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।