বিচ্ছেদ না হতেই বারাণসীতে হিরণের দ্বিতীয় বিয়ে, মেয়ের বয়সী মডেলকে ঘিরে তুঙ্গে বিতর্ক

বারাণসীর ঘাটে গঙ্গার পবিত্র আবহে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা ও রাজনৈতিক নেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে কনে ঋত্বিকা গিরির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। লাল বেনারসিতে সজ্জিতা পেশাদার মডেল ঋত্বিকার সঙ্গে হিরণের এই বিয়ের খবরে মুহূর্তের মধ্যে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি, কারণ হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের এক বিস্ফোরক দাবি এই বিয়েকে ঘিরে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।
অনিন্দিতার অভিযোগ অনুযায়ী, তাঁদের ২৫ বছরের দাম্পত্য জীবনে এখনও কোনও আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি। আইনি বিচ্ছেদ ছাড়াই হিরণের এই বিয়ে ঘিরে তিনি রীতিমতো ক্ষুব্ধ। তিনি আরও জানান, হিরণের বর্তমান স্ত্রী তাঁদের ১৯ বছর বয়সি কন্যা নাইসার প্রায় সমবয়সি, যা তাঁদের কাছে অত্যন্ত মানসিকভাবে যন্ত্রণাদায়ক। এতদিন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চুপ থাকলেও, স্বামীর এই সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। যদিও বিতর্কের মুখে হিরণ সমাজমাধ্যম থেকে বিয়ের ছবি সরিয়ে নিয়েছেন এবং এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।