সেন্সর হওয়ার আগেই ‘দেশু ৭’-এর টিকিটে ছক্কা! দেবের তুখোড় চালে কেন ক্ষুব্ধ টলিউড?
আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে চলা দেব-শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ ছবিটিকে ঘিরে উত্তাল টলিউড। ছবির নাম বা চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগেই অগ্রিম টিকিট বুকিং শুরু করে এক নজিরবিহীন রেকর্ড গড়েছেন প্রযোজক দেব। মাত্র একদিনেই ৩৫১২টি টিকিট বিক্রি হওয়ায় বারাসাত থেকে বহরমপুর—সর্বত্রই উন্মাদনা তুঙ্গে। তবে সেন্সর সার্টিফিকেটের তোয়াক্কা না করেই ‘বুক মাই শো’-তে অগ্রিম বুকিংয়ের এই নয়া স্ট্র্যাটেজি নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ টলিউডের একাংশ ইতিমধ্যে সেন্সর বোর্ড ও বুকিং অ্যাপ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেবের দাবি, বাংলা সিনেমার স্বার্থে নেওয়া এই সাহসী পদক্ষেপকে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি বেশ কিছু প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে একজোট হয়ে অভিযোগ পাঠিয়েছে। টলিউডের ইতিহাসে ছবির নামহীন অগ্রিম বুকিং নিয়ে এমন জটিলতা আগে কখনও দেখা যায়নি, যা বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।