ভিড় ঠেলে মঞ্চে ওঠার সময় ‘দাদুর বয়সী’দের হাতে চরম হেনস্থা মৌনী রায়ের! ভিডিওকাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া

হরিয়ানার কার্নালে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। অভিযোগ উঠেছে, ছবি তোলার অছিলায় একদল পুরুষ তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এমনকি ভিড়ের মধ্যে থাকা দাদুর বয়সী দুজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কুরুচিকর অঙ্গভঙ্গি ও মন্তব্য ছুঁড়ে দেন। এই ঘটনায় নিরাপত্তাহীনতা ও আয়োজকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
মৌনী আরও জানিয়েছেন, মঞ্চের উচ্চতা বেশি হওয়ায় অভিযুক্তরা নিচ থেকে মোবাইলে তাঁর আপত্তিকর অ্যাঙ্গেলের ভিডিও ধারণ করছিল। বাধা দেওয়া সত্ত্বেও থামেনি সেই লালসার প্রদর্শন। পেশাদারিত্বের খাতিরে অনুষ্ঠান শেষ করলেও, মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। নারী নিরাপত্তার এই কঙ্কালসার দশা দেখে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ও ঘৃণার ঝড় বইছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন নেটিজেনরা।