বর্ডার ২-এ কি বদলে যাবে ‘সন্দেশে আতে হ্যায়’? জাভেদ আখতারের কড়া মন্তব্যের পর মুখ খুললেন সোনু নিগম

‘বর্ডার ২’ সিনেমায় কালজয়ী গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর রিমেক নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ছবিটির জন্য গান লিখতে অস্বীকার করে নতুন সৃষ্টির পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, নতুন চলচ্চিত্রের জন্য মৌলিক গানই কাম্য। জাভেদ আখতারের এই অবস্থানকে সম্মান জানিয়েই পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। বিষয়টি নিয়ে এখন চলচ্চিত্র জগতে চলছে ব্যাপক চর্চা ও জল্পনা।
সোনু নিগম এক আবেগঘন বার্তায় জানান, জাভেদ আখতারের যুক্তি সঠিক হলেও ‘বর্ডার’ সিনেমার ক্ষেত্রে এই গানটি কেবল সুর নয়, বরং সৈনিকদের উর্দির মতো অবিচ্ছেদ্য অংশ। গানটিকে দেশপ্রেমের প্রতীক ও ‘বর্ডার’ ফ্র্যাঞ্চাইজির পরিচয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, আসন্ন ছবিতে পুরনো স্মৃতির পাশাপাশি ‘মিট্টি কে বেটে’-র মতো নতুন গানও থাকবে যা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।