রণবীর সিংয়ের ম্যাজিক! বিশ্বমঞ্চে অনন্য নজির গড়ে ইতিহাস সৃষ্টি করল ‘ধুরন্ধর’

ভারতীয় চলচ্চিত্রের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বিশ্বখ্যাত আইএমডিবি (IMDb)-র সর্বকালের সেরা ২৫০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিং অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’। সারা বিশ্বের দর্শকদের রেটিংয়ের ভিত্তিতে তৈরি এই তালিকায় ২৫০তম স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি। ‘১২থ ফেল’ বা ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমার পাশে এই স্বীকৃতি বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিল।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ২২ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। বড় পর্দায় গুপ্তচরবৃত্তি ও আন্তর্জাতিক রাজনীতির টানটান উত্তেজনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ৩ ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ প্রেক্ষাপট হওয়া সত্ত্বেও বক্স অফিসে ছবিটি অপ্রতিরোধ্য। আগামী মার্চ মাসে ছবিটির দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা নিয়ে বর্তমানে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।