কেন মাঝপথেই থামছেন অরিজিৎ? প্লেব্যাক সিংগিং থেকে অবসরের ঘোষণায় তোলপাড় গোটা দেশ!

বলিউড ও বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক সিংগিং থেকে অবসরের ঘোষণায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, সিনেমায় গান গাওয়া থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছেন তিনি। তবে ভক্তদের আশ্বস্ত করে অরিজিৎ স্পষ্ট করেছেন যে, তিনি সংগীত জগৎ থেকে পুরোপুরি দূরে সরছেন না। এখন থেকে তিনি মূলত স্বাধীন সংগীত এবং নিজস্ব মিউজিক প্রজেক্টের ওপর বিশেষ মনোনিবেশ করবেন।
সংগীত নিয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেছেন এই শিল্পী। তবে অরিজিৎ জানিয়েছেন, যে সমস্ত ছবির চুক্তিতে তিনি আগেই স্বাক্ষর করেছেন, সেই কাজগুলো যথাসময়ে সম্পন্ন করবেন। সম্প্রতি সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে তাঁর গাওয়া ‘মাতৃভূমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্লেব্যাক ক্যারিয়ারের এই বর্ণিল যাত্রার ইতি টানার সিদ্ধান্ত ভক্তদের আবেগী করলেও, তাঁর নতুন সংগীত সফরের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।