বিস্ফোরক ঘোষণা: প্লেব্যাক দুনিয়াকে আলবিদা জানাচ্ছেন অরিজিৎ সিং!

নতুন বছরের শুরুতেই সঙ্গীতজগতে বিনমেঘে বজ্রপাত। ভারতের সর্বাধিক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন, সিনেমার জন্য আর প্লেব্যাক করবেন না তিনি। দীর্ঘদিনের ভাবনা থেকেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী জয়ী এই শিল্পী। তবে গান ছাড়া নয়, বরং প্রথাগত সুরের কাঠামো ভেঙে স্বাধীন সঙ্গীতচর্চা ও বিশ্বমানের অরিজিনাল মিউজিক সৃষ্টির লক্ষ্যেই নিজেকে নতুনভাবে সাজাতে চাইছেন তিনি।
প্লেব্যাক ছাড়লেও মঞ্চ এবং মৌলিক গানে অরিজিতের সুরের মূর্ছনা বজায় থাকবে। স্পটিফাইয়ে ১৬৮ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে টেলর সুইফটকেও ছাড়িয়ে যাওয়া এই তারকা এখন নতুন প্রজন্মের প্রতিভাদের মেন্টর হিসেবে কাজ করতে আগ্রহী। কেরিয়ারের মধ্যগগনে থেকে রাজসিংহাসন ত্যাগের এই নির্মোহ সিদ্ধান্ত কোটি কোটি ভক্তকে স্তব্ধ করলেও, এটি আসলে তাঁর বিশ্বমঞ্চে এক বৃহত্তর সাঙ্গীতিক যাত্রার ইঙ্গিত।