ছেলের প্রস্রাবে রক্ত! পিৎজা খাওয়ার আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়, কী ঘটেছিল ইমরান হাশমির জীবনে?

বলিউড অভিনেতা ইমরান হাশমির সাজানো সংসার তছনছ হয়ে গিয়েছিল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সাধারণ এক ছুটির দিনে পরিবারের সঙ্গে পিৎজা খাওয়ার সময় হঠাৎই ছেলে আয়ানের প্রস্রাবে রক্ত দেখতে পান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, চার বছরের একরত্তি আয়ান ক্যানসারে আক্রান্ত। এই দুঃসংবাদ পাওয়ার পর মুহূর্তেই একজন সফল অভিনেতার জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি বদলে যায়।
শুরু হয় ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ বছরের এক কঠিন যুদ্ধ। কেমোথেরাপি আর হাসপাতালের করিডোরে নির্ঘুম রাত কাটিয়ে দীর্ঘ লড়াইয়ের পর আজ আয়ান সম্পূর্ণ সুস্থ। এই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে একটি বইও লিখেছেন ইমরান। জনপ্রিয়তার চেয়েও যে পরিবার বড়, জীবনের সেই চরম শিক্ষা পাওয়ার কথা স্মরণ করে অভিনেতা জানান, সেই সময়টি ছিল একজন বাবা হিসেবে তাঁর জীবনের সবথেকে বড় অগ্নিপরীক্ষা।