৫০০ কোটির বাজি কি তবে মাঠে মারা যাবে? বিজয়ের পাশে দাঁড়িয়ে হুঙ্কার রবি কিষাণের!

থালাপথি বিজয়ের ‘জন নয়াগণ’ ছবির মুক্তি নিয়ে ঘনীভূত হচ্ছে সংকট। প্রায় ৫০০ কোটি টাকার এই মেগা প্রজেক্টটি সেন্সর বোর্ডের (CBFC) আপত্তিতে আইনি জটিলতায় আটকে পড়েছে। বিশেষ করে ছবির রাজনৈতিক সংলাপ ও দৃশ্য নিয়ে বোর্ডের কঠোর অবস্থানে অনুরাগীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক জীবনে পুরোপুরি প্রবেশের আগে বিজয়ের এই শেষ ছবিটি বক্স অফিসে ঝড় তোলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এর ভবিষ্যৎ অনিশ্চিত।
এই কঠিন সময়ে বিজয়ের সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষণ। তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজনে সংসদের অধিবেশনে এই ইস্যুটি উত্থাপন করতে তিনি প্রস্তুত। শিল্পীর স্বাধীনতা রক্ষায় একাত্মতা প্রকাশ করে তিনি নির্মাতাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। বর্তমানে তামিল সুপারস্টারের ভক্তরা সামাজিক মাধ্যমে ছবিটির দ্রুত মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন, যা বিনোদন জগতের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।