এপস্টেইনের ডেরায় মীরা নায়ার! ফাঁস হওয়া নথিতে মেয়রপুত্রের মায়ের নাম ঘিরে তোলপাড়

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কাণ্ডে এবার নাম জড়াল নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের। সম্প্রতি মার্কিন বিচারবিভাগীয় দপ্তর প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এর লাখো নথিতে দেখা গেছে, মীরা ২০০৯ সালে এপস্টেইনের প্রেমিকা গিজলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে উপস্থিত ছিলেন। ওই আসরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জেফ বেজসের মতো প্রভাবশালীদেরও উপস্থিতি ছিল।
মূলত ‘অ্যামেলিয়া’ ছবির প্রচারের উদ্দেশ্যেই মীরা সেখানে গিয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। এমনকি পাবলিসিস্ট পেগি সিগলের পাঠানো ইমেলে মীরার ছবির প্রশংসা এবং তাঁর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে জেলে আত্মঘাতী হওয়া এপস্টেইনের সহযোগী ম্যাক্সওয়েল বর্তমানে শিশু পাচার মামলায় জেল খাটছেন। বামঘেঁষা ডেমোক্র্যাট নেতার মায়ের নাম এমন স্পর্শকাতর ফাইলে উঠে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।