জেলমুক্তি রাজপাল যাদবের, বলিউড অভিনেতার সুদিনের সংকেত দিলেন ভাই

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে সোমবার তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। গত ১১ দিন বন্দি থাকার পর রাজপালের এই কারামুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার ও মায়ানগরীর ঘনিষ্ঠ মহল। আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁর জেলের সাজা স্থগিত রেখেছে আদালত।
অভিনেতার ভাই চন্দ্রপাল যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজপাল বাড়িতে ফেরায় পরিবারের সুদিন ফিরছে। ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আবেদনের প্রেক্ষিতেই আদালত এই জামিন মঞ্জুর করেছে। এর আগে একাধিকবার পাওনা মেটাতে দেরি করায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে এবারের কারাবাস রাজপালের পেশাগত জীবনে নতুন সুযোগের দুয়ার খুলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
জেলে থাকাকালীনই রাজপাল যাদব একাধিক সিনেমা, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন। পরিচালক প্রিয়দর্শন থেকে শুরু করে বক্সার বিজেন্দর এবং গায়ক গুরু রানধাওয়া— অনেকেই তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দ্বিগুণ পারিশ্রমিক ও অগ্রিম অর্থ পাওয়ায় রাজপাল শীঘ্রই তাঁর বকেয়া ঋণ মিটিয়ে দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ১৮ মার্চ মামলার পরবর্তী শুনানিতেই চূড়ান্ত ফয়সালা হতে পারে।