হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান, উদ্বিগ্ন বলিউড

হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান, উদ্বিগ্ন বলিউড

হিন্দি সিনেমার প্রবাদপ্রতিম চিত্রনাট্যকার সেলিম খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ বছর বয়সি এই বর্ষীয়ান ব্যক্তিত্ব বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

পিতার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সুপারস্টার সালমান খান ও আরবাজ খান। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও জামাতা অতুল অগ্নিহোত্রীকেও হাসপাতালে উপস্থিত হতে দেখা গেছে। তবে সালমান খান সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। গত নভেম্বরেই পরিবারের সঙ্গে নিজের ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন শোলে খ্যাত এই কালজয়ী লেখক।

সেলিম-জাভেদ জুটির অন্যতম কারিগর সেলিম খানের অসুস্থতায় বিচলিত গোটা চলচ্চিত্র মহল। সত্তর ও আশির দশকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ সৃষ্টিতে তাঁর অবদান অনস্বীকার্য। ‘দিওয়ার’, ‘ডন’ ও ‘ত্রিশূল’-এর মতো অমর সৃষ্টির এই রূপকারের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অগুনতি অনুরাগী ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *