২০ হাজারি টিকিটেও নেই রক্ষা, কলকাতায় বাতিল এ আর রহমানের মেগা কনসার্ট

১৩ বছর পর তিলোত্তমায় ফিরছেন সুর সম্রাট, এই খবরেই উন্মাদনা ছড়িয়েছিল শহরজুড়ে। কিন্তু ভক্তদের সেই আশায় জল ঢেলে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল এ আর রহমানের বহু প্রতীক্ষিত কলকাতা কনসার্ট। আগামী ১১ এপ্রিল এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও আয়োজক সংস্থা জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে আর গান শোনাতে আসছেন না অস্কারজয়ী এই শিল্পী।
আকাশছোঁয়া টিকিটের দাম ও রহস্যজনক বাতিল
এই কনসার্ট ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। টিকিটের ন্যূনতম দাম ২,৯৯৯ টাকা থেকে শুরু হলেও ভিআইপি জোনের টিকিটের দাম পৌঁছেছিল প্রায় ২০ হাজার টাকায়। জ়োম্যাটো অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রিও শুরু হয়েছিল জোরকদমে। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। আয়োজক সংস্থার পক্ষ থেকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হলেও কেন এই শো বাতিল হলো, তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।
টিকিট বিক্রি না হওয়া নাকি বিতর্কিত মন্তব্য
সূত্রের খবর, চড়া দামের কারণে টিকিট বিক্রিতে প্রত্যাশিত গতি আসেনি, যা শো বাতিলের অন্যতম কারণ হতে পারে। অন্যদিকে, সম্প্রতি বলিউডে ধর্মীয় মেরুকরণ ও কাজ না পাওয়া নিয়ে এ আর রহমানের করা একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের ছায়া এই কনসার্টে পড়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
আয়োজক সংস্থা জানিয়েছে, ১১ এপ্রিল শো না হলেও ভবিষ্যতে অন্য কোনও দিনে এই কনসার্টের আয়োজন করা হতে পারে। তবে আপাতত প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখার সুযোগ হারিয়ে হতাশ তিলোত্তমার সঙ্গীতপ্রেমীরা।