বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রণবীর সিং, ১০ কোটি টাকা তোলা চেয়ে হুমকি

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রণবীর সিং, ১০ কোটি টাকা তোলা চেয়ে হুমকি

বলিউড অভিনেতা রণবীর সিংকে ১০ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যারি বক্সার নামে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য অভিনেতার ম্যানেজারকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে এই বিপুল অর্থ দাবি করেছে বলে অভিযোগ। উত্তর আমেরিকার একটি নম্বর থেকে আসা ওই বার্তায় রণবীর ও পরিচালক রোহিত শেট্টির টিমের সদস্যদেরও নিশানা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে অডিও ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে হ্যারির মিল পাওয়া গেলেও চূড়ান্ত প্রমাণের জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উল্লেখ্য, রোহিত শেট্টির বাড়ির সামনে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পরেই এই হুমকি আসায় রণবীরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো এফআইআর দায়ের না হলেও পুলিশ ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। এর আগে কপিল শর্মা ও সালমান খানের সহযোগীদেরও একইভাবে হুমকি দিয়েছিল এই গোষ্ঠী। তবে রণবীর সিং বা রোহিত শেট্টির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে অডিও ক্লিপটির সত্যতা যাচাই ও তদন্তের অগ্রগতির দিকেই নজর রাখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *