২৬/১১ হামলার দৃশ্যে শুটিংয়ের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অক্ষয় ও অর্জুন

‘ধুরন্ধর’-এর সেটে ঠিক কী ঘটেছিল যে নিজেকে সামলাতে পারলেন না বলিউডের দুই ডাকসাইটে অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন আর মাধবন। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল।
ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার একটি দৃশ্য পুনর্নির্মাণের সময়। মাধবন জানান, পর্দায় পাকিস্তানি জঙ্গির চরিত্রে অভিনয় করছিলেন অক্ষয় ও অর্জুন। স্ক্রিপ্ট অনুযায়ী হামলার পর তাদের উল্লাস করার কথা ছিল। কিন্তু ক্যামেরা ‘কাট’ বলার পরেই ঘটে বিপত্তি। সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা মনে করে সেটের মধ্যেই হাউহাউ করে কাঁদতে শুরু করেন দুই অভিনেতা। দীর্ঘক্ষণ তাদের স্বাভাবিক করা যায়নি।
মাধবনের মতে, সেই মুহূর্তটি অত্যন্ত আবেগপ্রবণ ছিল। অভিনয়ের খাতিরে এমন নৃশংস দৃশ্যে অংশ নেওয়া তাদের জন্য মানসিকভাবে ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। দেশের সেই কালো দিনের স্মৃতি অক্ষয় ও অর্জুনের মনে এতটাই জীবন্ত ছিল যে, শুটিং শেষ হওয়ার পরেও তারা সেই ঘোর থেকে বেরোতে পারেননি।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। রণবীর সিং, সঞ্জয় দত্ত ও আর মাধবন অভিনীত এই ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘ধুরন্ধর ২’ নিয়ে এখন তুঙ্গে উন্মাদনা। আগামী ১৯ মার্চ বড়পর্দায় ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি, যেখানে আন্ডারকভার এজেন্ট হামজা আলি মাজহারির রোমহর্ষক গল্প আরও বিশদভাবে ফুটে উঠবে।