অঘোষিত জরুরি অবস্থা ও কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগে মমতার পাশে ওমর-কেজরিওয়াল

পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের রদবদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ ও ‘ঘোষনাহীন রাষ্ট্রপতি শাসন’ বলে অভিহিত করেছেন তিনি। তৃণমূল নেত্রীর এই লড়াইকে সমর্থন জানিয়ে বিজেপির কড়া সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁরা অভিযোগ করেছেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে গণতন্ত্রকে বিপন্ন করছে।
ওমর আবদুল্লা তাঁর প্রতিক্রিয়ায় জানান, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কমিশনের এমন তুঘলকি আচরণ দেখা যায়। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে, আধিকারিক নয় বরং জননেতারাই ভোটে জয় নিশ্চিত করেন। নির্বাচন কমিশন ফল প্রভাবিত করার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় জয়ী হবেন বলে তিনি মনে করেন। বিরোধী দলগুলোর মতে, কমিশনকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির।
দিল্লির আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালও মমতার পোস্ট শেয়ার করে সংহতি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, অতীতে দিল্লিতেও ভোটার তালিকায় কারচুপি ও প্রশাসনের অপব্যবহারের মাধ্যমে একই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বিজেপি বিরোধী রাজ্যগুলিকে কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সি ও নির্বাচন কমিশনকে ঢাল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বর্তমানে এই রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোট আরও সংহত হওয়ার বার্তা দিচ্ছে।